রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা):
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলটির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়েছে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মুরাদনগর সদরে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ সমর্থনের ঘোষণা দেওয়া হয়।
পাহাড়পুর ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নির্মল দেবনাথের সভাপতিত্বে এবং মানিক সাহা ও বিজন দাসের যৌথ সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, তিনি ধর্ম বা বর্ণভেদের রাজনীতিতে বিশ্বাসী নন। মুরাদনগরের সকল মানুষ তাঁর কাছে সমান উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘুদের জানমাল ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। ইসলাম ধর্মেও সংখ্যালঘুদের সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুরাদনগরে কোনো ধর্মীয় বিভেদ নয়, বরং সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, কায়কোবাদের নেতৃত্বে অতীতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবসময় নিরাপদ ছিল। তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত সহযোগিতা করেছেন। এজন্য হিন্দু সম্প্রদায় তাঁকে অভিভাবক হিসেবে সমর্থন জানাচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হিন্দু সম্প্রদায়ের ভোটাররা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কায়কোবাদকে বিজয়ী করবেন।
সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ দয়ানন্দ ঠাকুর, পিংকু পোদ্দার, নিরঞ্জন দেব, রতন দাস, অঞ্জন রায় ও জহর নিবাস ঘোষসহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।