গুরুদাসপুরে জামায়াতের গণমিছিলে জনসমাগম, নির্বাচনী মাঠে বাড়ল উত্তাপ
নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়।
গণমিছিলটি চাঁচকৈড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে তার পরিবার কিংবা আত্মীয়স্বজন কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড, তদবির বা নিয়োগ বাণিজ্যে জড়িত হবে না। তিনি ঘুষ ও দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আব্দুল হাকিম আরও বলেন, ইমাম ও মোয়াজ্জিনদের কল্যাণে একটি বিশেষ ট্রাস্ট গঠন করা হবে এবং কোনো অন্যায় বা হুমকির কাছে জামায়াত মাথা নত করবে না। নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান অধিকার নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো চাঁদাবাজি বা অন্যায় শাসনের সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার সেক্রেটারি সাদেকুর রহমান, নাটোর-৪ আসনের নির্বাচন পরিচালক, এনসিপির উপজেলা সভাপতি তাইজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, সেক্রেটারি মো. শরিফুল ইসলাম এবং পৌর জামায়াতের আমির মো. আলমগীর হোসেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারি ও বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে মাগরিবের আজান শুরু হলে মাওলানা আব্দুল হাকিমের নেতৃত্বে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা মাঠেই মাগরিবের নামাজ আদায় করেন।
বিশাল জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ গণমিছিল ও পথসভা নাটোর-৪ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬