|
প্রিন্টের সময়কালঃ ০৭ মার্চ ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ মার্চ ২০২৬ ০৪:০৪ অপরাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পে অ্যাকশনএইডের নিয়োগ নিয়ে স্থানীয়দের অভিযোগ


রোহিঙ্গা ক্যাম্পে অ্যাকশনএইডের নিয়োগ নিয়ে স্থানীয়দের অভিযোগ


মোজাম্মেল হক, কক্সবাজার:


কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে কর্মসংস্থান নিয়ে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যাকশনএইডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ক্যাম্প এলাকায় কর্মরত অন্যান্য এনজিও সংস্থাগুলো বিভিন্ন পদে প্রায় ৯০ শতাংশ স্থানীয় ও দেশীয় নাগরিকদের নিয়োগ দিলেও অ্যাকশনএইড অধিকাংশ ক্ষেত্রে রোহিঙ্গা ভলান্টিয়ারদের দিয়ে কাজ করাচ্ছে।

 

স্থানীয়দের অভিযোগ, সংস্থাটি ক্যাম্পে পরিচালিত বিভিন্ন কার্যক্রমে প্রায় ৯৯ শতাংশ রোহিঙ্গা ভলান্টিয়ার নিয়োগ দিয়ে কাজ করাচ্ছে। এতে দীর্ঘদিন ধরে বেকার থাকা স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ছে।

 

উখিয়া ও টেকনাফ এলাকার কয়েকজন শিক্ষিত তরুণ-তরুণী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত বিভিন্ন প্রকল্পে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় জনগণের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা বিষয়টি খতিয়ে দেখে স্থানীয়দের জন্য চাকরির সুযোগ বাড়ানোর দাবি জানান।

 

এ বিষয়ে অ্যাকশনএইড কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট মহল বলছে, অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে স্থানীয়দের মধ্যে বিরাজমান অসন্তোষ কমতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬