৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
ডেস্ক নিউজ-ঢাকা প্রেস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলগুলোর প্রধানদের বক্তব্য প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বিটিভিতে প্রচারের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কমিশন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
চিঠিতে উল্লেখ করা হয়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর জন্য সমান প্রচারণার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। সে লক্ষ্যেই রাষ্ট্রীয় টেলিভিশনে দলীয় প্রধানদের বক্তব্য সম্প্রচার নির্বাচনী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্দেশনায় আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ অনুসরণ করে রাজনৈতিক দলগুলোর লিখিত আবেদনের সময় অনুযায়ী প্রচারণার স্লট নির্ধারণ করতে হবে। প্রতিটি দলের প্রধানের জন্য আলাদা স্লট ও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করবে বিটিভি। একই সঙ্গে বক্তব্য রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করতে হবে।
ইসি জানায়, এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বিটিভিতে বক্তব্য প্রচারের জন্য আবেদন করেনি। সে কারণে বিএনপির আবেদনের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে তারেক রহমানের ভাষণ সম্প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিধি অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬