তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান বসানোর দাবি, বান্দরবানে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০১ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান বসানোর দাবি, বান্দরবানে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

শিমুল দাশ, বান্দরবান:

 

তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ-এ নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠন এবং নির্বাচিত চেয়ারম্যান বসানোর দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

 

শনিবার সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের নিচতলায় একটি বেসরকারি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।

 

অনির্বাচিত পরিষদে জবাবদিহির সংকট

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ ২৮ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং ৩৭ বছর ধরে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে জবাবদিহির অভাব তৈরি হয়েছে এবং দুর্নীতি ও অনিয়ম বেড়েছে বলে দাবি করা হয়।

 

পিসিএনপি’র দাবি, আইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান ও সদস্য নির্বাচন নিশ্চিত করতে হবে এবং সব সম্প্রদায়ের জন্য সমান অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।

 

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

 

সংবাদ সম্মেলনে পাহাড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা বলেন, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

তারা প্রত্যাহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন, দুর্গম এলাকায় সেনা মোতায়েন জোরদার এবং পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। পাশাপাশি ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

 

চুক্তি ও আইন পুনর্বিবেচনার দাবি

 

সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনর্বিবেচনার দাবি জানায়। তাদের বক্তব্য, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বহাল রাখা উচিত নয়; বরং সংবিধানের আলোকে পার্বত্য অঞ্চলে শাসনব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

এ ছাড়া ভূমি কমিশন আইন সংশোধন করে জনসংখ্যার আনুপাতিক হারে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, বাজারফান্ড এলাকায় হাউজলোন পুনরায় চালু এবং শিক্ষা-চাকরিতে বৈষম্য দূর করার দাবিও জানানো হয়।

 

উপস্থিত নেতৃবৃন্দ

 

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শাখার সভাপতি মওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহ জালাল।

 

পিসিএনপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর নিয়োগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, সরকার পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও সমঅধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেবে।