রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা-র বাঙ্গরা এলাকায় গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সোমবার (৩ মার্চ) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে র এসআই মো. নাহিদ হাসানের নেতৃত্বে সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বালুর মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মো. রিগান মিয়া (৩৬) ও ইমা আক্তার (৩০) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে মো. রিগান মিয়ার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। এছাড়া ইমা আক্তারের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকাভুক্ত করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা উভয়েই বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাসিন্দা। অভিযানের পর পুলিশ বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।