হাতিয়ার হরণী ইউনিয়নে সরিষা ও গমের বাম্পার ফলন; মাঠ পরিদর্শনে কৃষি কর্মকর্তা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
হাতিয়ার হরণী ইউনিয়নে সরিষা ও গমের বাম্পার ফলন; মাঠ পরিদর্শনে কৃষি কর্মকর্তা

আজিজুর রহমান, নোয়াখালী:

২০২৫–২০২৬ অর্থবছরে সরকারি কৃষি প্রণোদনার ফলে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে সরিষা ও গমের বাম্পার ফলন হয়েছে। এ উপলক্ষে মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ।

গত রোববার দুপুর ১২টায় কৃষকদের সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শনকালে তত্ত্বাবধানে ছিলেন হরণী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন (সবুজ)। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আকরাম উদ্দিন (রুবেল) ও আজিম উদ্দিন।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন জানান, হরণী ইউনিয়নের কৃষকদের মাঝে ২৩ হেক্টর জমিতে সরিষা এবং ৯ হেক্টর জমিতে গম চাষের জন্য প্রণোদনা বিতরণ করা হয়। এর ফলে কৃষকরা সফলভাবে সরিষা ও গম উৎপাদন করতে সক্ষম হয়েছেন।

মাঠ পরিদর্শনকালে কৃষকরা বলেন, সরকার প্রতি বছর এ ধরনের প্রণোদনা অব্যাহত রাখলে তারা আরও উৎসাহিত হয়ে কৃষিকাজে মনোযোগী হবেন।

পরিদর্শন শেষে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ বলেন, কৃষকদের সহযোগিতায় এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে এবং ভবিষ্যতেও কৃষকদের সার্বিক সহায়তা দেওয়া হবে।