মাদারগঞ্জে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
মাদারগঞ্জে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:


জামালপুরের মাদারগঞ্জে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

 

মঙ্গলবার সকাল ৮টার দিকে জামালপুর সিএনজি স্টেশন থেকে মাদারগঞ্জে আসার পথে ফায়ার সার্ভিস মোড়ে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই জাহিল (৮) নামের এক শিশু মারা যায়। সে জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুনের ছেলে।

 

আহতরা হলেন নিহত জাহিলের মা বিথী (৩৫), জুনাইল ফকির বাড়ির ওয়াজেদ আলী ফকিরের স্ত্রী সামিরা (৫৫) এবং জুনাইল এলাকার মিজানের স্ত্রী সেলিনা (২৬)।

 

পরিবার সূত্রে জানা গেছে, তারা জামালপুর থেকে তেঘরিয়া এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তেঘরিয়া এলাকায় এক খালার জানাজায় অংশ নিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজন রফিকুল ইসলাম জানান, জানাজায় অংশ নিতে এসে পথেই সড়ক দুর্ঘটনায় শিশুটি মারা যায় এবং তার মা গুরুতর আহত হন।

 

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু রায়হান জানান, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, ট্রাক্টরচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টর ও সিএনজি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।